রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে রমজান আলী (১৫) নামে কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি একটি পিতলের কারখানায় কাজ করতেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।
গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সোহেল জানিয়েছেন, উত্তর যাত্রাবাড়ী ধলপুর বউবাজার কবরস্থান গলির সাবেক আবুল কমিশনারের বাড়ির পাশে সন্ধ্যার দিকে একটি তিন তলা ভবনে ছাদ থেকে অসাবধানতা-বসত নিচে পড়ে তার শরীরে রড ডুকে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জামাল হোসেনের ছেলে রমজান। বর্তমানে তিনি উত্তর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় থাকতেন।