রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। ওই দুই জনের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যুবরণকারী দুই গ্রাম পুলিশ সদস্য হলেন– রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
জানা গেছে, সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে ওই দুই জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গরমে অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বাত্মক ও সর্বোত্তম চিকিৎসাসেবা সুনিশ্চিত করার নির্দেশ দেন এবং অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে জানান।
একইসঙ্গে প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান। সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে আশ্বস্ত করেন।
এছাড়া নিহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।