জুলাইয়ে হত্যা মামলায় তারেক সিদ্দিকীর দুই সহযোগী ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানায় হওয়া একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)। তাদের মধ্যে একজন তারিক সিদ্দিকীর ড্রাইভার এবং অন্যজন কেয়ারটেকার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এদিন দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আমজাদ হোসেন তালুকদার। তিনি দুই আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা এ মামলার এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা তারিক সিদ্দিকীর মাধ্যমে পেয়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখতেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন, মারধর ও হত্যাচেষ্টার উদ্দেশে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনবিরোধীর কাছে তারিক সিদ্দিকীর পক্ষ থেকে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দিতেন।

এর আগে গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। এ ঘটনায় আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। তদন্তে বলা হয়েছে, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় সক্রিয় ভূমিকা পালন করেন।