নরসিংদীতে হত্যাযজ্ঞের মামলা: ট্রাইব্যুনালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জামিন আবেদন

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেছেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) প্রসিকিউশন এ তথ‍্য নিশ্চিত করেছে। জানা গেছে, জামিন আবেদনের ওপর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি হতে পারে।

এদিন সকালে এ মামলায় সাইফুল ইসলামসহ তিন জনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন‍্য আসামিরা হলেন– রবিউল ইসলাম ও রাঙামাটির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত এমন আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীতে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল-১।

বর্তমানে মামলাটি তদন্তাধীন। প্রতিবেদন দাখিলের জন্য আজ আরও সময় চাওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি করা হয়। ওই সময় আরও একজন নিহত হন। এছাড়া গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে ২০ জনের মতো শহীদ ও অসংখ্য মানুষ আহত হন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়।