সৌদি যুবরাজকে সংহতিপত্র দিয়েছেন তারেক রহমান, পাশে থাকার অঙ্গীকার

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (২৭ এপ্রিল) রিয়াদে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতির বার্তা হস্তান্তর করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন।

সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন হুমায়ুন কবির। সৌদি উপমন্ত্রী উপদেষ্টা কবিরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এই অঞ্চলের সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।