কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে অব‌স্থিত কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। তার নাম- মো. লাবলু মিয়া (৪২)। 

শনিবার (২ মে) সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাবলু মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মো. রাসেল জানান, সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত লাবলু মিয়া কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার বাবার নাম আব্বাস মিয়া। তবে তিনি কোন মামলায় আটক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।