ডেমরায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু 

ডেমরার মাতুয়াইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পোশাক-শ্রমিক যাত্রী মোসা. কামিনী (২৪) মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকালে ঘটনাটি ঘটে। 

জানা যায়, ভুক্তভোগীরা মাতুয়াইল থেকে রিকশায় করে তিন জন মিলে ডেমরায় যাচ্ছিলেন। এসময় তারা এই দুর্ঘটনার শিকার হন। 

আহত অবস্থায় সহকর্মী শারমিনসহ দুজন তাকে উদ্ধার করে কোনাপাড়ায় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী শারমিন এসব তথ্য জানান।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

মোসা. কামিনী মাতুয়াইলের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে তিনি। বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন।