জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শফিকুর রহমানের মৃত্যুতে দেশের সাংবাদিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।
মুহম্মদ শফিকুর রহমানের দীর্ঘ সাংবাদিকতা জীবনের পুরোটা কেটেছে দৈনিক ইত্তেফাকে। পেশাগত জীবনে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই সাংবাদিক পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।
শফিকুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় মাদ্রাসায়। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।