প্রতিষ্ঠার একযুগ পার করলো অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা গেছে।’
বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি একথা বলেন।
শুভেচ্ছা বাণীতে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা ‘বাংলা ট্রিবিউন’ একযুগ পার করে ১৩তম বছরে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে গণমাধ্যমটির পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বর্তমান বিশ্বে দ্রুততম সময়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচারে অনলাইন সংবাদপত্র বিশেষ গুরুত্ব বহন করছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অবাধ তথ্যপ্রবাহের যুগে জরুরি সংবাদটি সাধারণ মানুষের কাছে সঠিক ও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ট্রিবিউন এ লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি। পত্রিকাটির আগামীর পথচলা সহজ ও দায়িত্বশীল হোক। আমি বাংলা ট্রিবিউন-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’