রাজধানীর জাহাঙ্গীর গেটে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কার্গো ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত জাকারিয়ার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। তিনি রাজধানীতে রাইড শেয়ারিং করতেন। থাকতেন হেমায়েতপুরে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, নিহত ব্যক্তি রাতে মহাখালীর দিক থেকে একজন যাত্রী নিয়ে বিজয় সরণির দিকে যাচ্ছিলেন। জাহাঙ্গীর গেটের কাছে পৌঁছালে পাশের কার্গো ট্রাক তাদের চাপ দেয়। এতে, মোটরসাইকেলসহ চালক পেছনের চাকার নিচে পড়ে যান। ফলে তার শরীরের একাংশ থেতলে যায়। যাত্রীও আহত হন। 

পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।