মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতদের পরিবার। 

বৃহস্পতিবার (২১ মে) সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে এই দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে স্বজনরা বলেন, “২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি ২৮ জন শিক্ষার্থীসহ মোট ৩৫ জন নিহত হন। এছাড়া আহত হন বহু শিশু ও কিশোর।” 

তারা বলেন, “ওই ঘটনায় আমাদের পরিবারের সদস্যদের চোখের সামনে নিষ্পাপ শিশুদের আগুনে পুড়ে যেতে, শরীর দ্বিখণ্ডিত হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখেছি। অসহায়ভাবে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। তারা শুধু আমাদের সন্তানই ছিল না, তারা ছিল আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ এবং দেশ ও জাতির সম্ভাবনা।” 

স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর থেকে তারা বিভিন্ন দফতর, তদন্ত কমিশন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ন্যায়বিচার চেয়েছেন। তবে প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়নি।  

তারা বলেন, “আমরা কোনও ধরনের সহিংসতা বা অরাজকতার পথে যাইনি। শান্তিপূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের শরণাপন্ন হয়েছি। আমরা ন্যায়বিচার চাই, নিরাপত্তা চাই।” এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। 

সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন উসাই মং মারমা, আশিকুর রহমান এবং রেজাউল করিম।