সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর

সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

নিহতের সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় গোলাম মোস্তফাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

গোলাম মোস্তফা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।