ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় আট জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই আট জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকেরা। বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য জানায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও হতাহত হয়েছেন। এর মধ্যে ভারতীয় নাগরিক ৯ জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। এছাড়া, মোজাম্বিকের দুই জন, লাইবেরিয়ার একজন, নাইজেরিয়ার চার জন এবং উজবেকিস্তানের একজন নাগরিক নিহত হন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের দুই জন করে, লাইবেরিয়ার তিন জন, নাইজেরিয়ার একজন এবং কাজাখস্তানের তিন জন নাগরিক রয়েছেন। সব মিলিয়ে এ ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হন।
বাংলাদেশ হাই কমিশন এই ঘটনায় গভীরভাবে শোকাহত বলে জানিয়েছে। হাই কমিশন এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকসহ সব ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
হাইকমিশন জানায়, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরপরই হাই কমিশন ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় সাধনপূর্বক ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর গ্রহণ এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে আহত বাংলাদেশি ব্যক্তিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে। বাংলাদেশ হাই কমিশন সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার তদারকি করছে।
হাসপাতাল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্যের লক্ষ্যে তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের আহত ব্যক্তিদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেন। আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও ইনফেকশন প্রতিরোধের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের এই জরুরি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশি নাগরিকদের দ্রুত আরোগ্যের জন্য বাংলাদেশ হাইকমিশন দেশবাসীর কাছে দোয়া কামনা করছে। হাই কমিশন এই সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত ও আহত বাংলাদেশি নাগরিকদের পাশে থাকতে এবং তাদের যেকোনও প্রয়োজনীয় সহযোগিতা দেবে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।