উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 

রাজধানীর উত্তরখানে একটি বাসায় আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে আলী হোসেন (৫৫) নামে চিকিৎসাধীন একজনের মৃত্যু। আলী হোসেন পেশায় কাঁচামাল ব্যবসায়ী। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ তথ্য নিশ্চিত করে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মো. আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বর্তমানে আলী হোসেনের স্ত্রী মোছা. হাসনাহেনা (৪০) ও মেয়ে মোছা. আঁখি আক্তার (২৫) এখনও চিকিৎসাধীন। হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ, আঁখি আক্তারের ১৫ শতাংশ পুড়ে গেছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরখানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বজনদের ভাষ্য, রান্নার চুলায় ব্যবহৃত গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তাদের।