ঘটা করে উচ্ছেদ অভিযান, সপ্তাহ না পেরোতেই আগের রূপে গুলিস্তান

আসাদ আবেদীন জয়
১১ নভেম্বর ২০২৬, ১৮:৫৬ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৫৬

রাজধানীর বেশিরভাগ এলাকায় ব্যস্ত সড়কগুলোর পাশের ফুটপাত থাকে হকারদের দখলে। এতে যানজট ও জনভোগান্তির শিকার হয় নগরবাসী। ফুটপাত দখলমুক্ত রাখতে প্রায়ই উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন ও পুলিশ। সম্প্রতি গুলিস্তান এলাকায় তেমনই অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে হকারদের সরিয়ে ফুটপাত ও সড়ক অনেকটাই ফাঁকা করা হয়। তবে কয়েক দিনের ব্যবধানে ফিরে এসেছে আগের চিত্র। ফুটপাতজুড়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান। সড়কের বড় অংশ দখল করে চলছে বেচাকেনা। সব মিলিয়ে উচ্ছেদ অভিযানের সুফল কতটা স্থায়ী হলো, সেই প্রশ্নই সামনে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিন দেখা গেছে, গুলিস্তান এলাকার অবস্থা আগের মতোই রয়েছে। ফুটপাত ও রাস্তার পাশে শত শত হকারদের সরব উপস্থিতি। কোনও কোনও ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা সংকীর্ণ। ফুটপাত ছাড়াও রাস্তার বড় অংশজুড়ে রয়েছে হকারদের দোকানপাট। গুলিস্তানের জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ, স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ প্রায় সবখানেই এই চিত্র দেখা গেছে। এমনকি সচিবালয়ের গেটের সামনেই হকারদের ভ্রাম্যমাণ দোকান। আর গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তার প্রায় পুরোটাই হকারদের দখলে।

সড়ক দখল করে বসেছে দোকান। ছবি: বাংলা ট্রিবিউন

গত মাসের শেষের দিকে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। বারবার অভিযানের পরও হকাররা কীভাবে ফিরে আসে– সে সময় সাংবাদিকদের এমন প্রশ্নে ডিএসসিসি প্রশাসক বলেন, যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাবো। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেফতার করা হবে।

প্রশাসকের এমন কঠোর অবস্থানের পরও গুলিস্তান এলাকার চিত্র বদলায়নি। গুলিস্তান জিরো পয়েন্টে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের (হকার) উঠিয়ে দেওয়া হয়, আবার বসে। কতক্ষণ তাদের নজরে রাখা যায়। আরও তো কাজ আছে। শুধু এটা নিয়ে থাকলেই তো হবে না। একপাশ দিয়ে উঠিয়ে দিলে আরেক পাশে গিয়ে বসে।

সড়কের বড় অংশ দখল করে রাখেন হকাররা, ভোগান্তি পথচারীদের। ছবি: বাংলা ট্রিবিউন

গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় নিয়মিত চলাচলকারী পথচারী রিফাত হোসেন বলেন, রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা থামবে না। তাদের কারণে ঝামেলায় পড়ি আমরা। গাড়ি ঠিকমতো যাতায়াত করতে পারে না, জ্যাম লেগেই থাকে। তাদের পুরোপুরি সরিয়ে দেওয়া উচিত, যাতে আর ফিরে আসতে না পারে।

আরেক পথচারী সাইফুল ইসলাম বলেন, গুলিস্তান এতো ব্যস্ত এলাকা, এখানের রাস্তা থাকা উচিত স্মুথ। যাতে যানজট না লাগে। অথচ এখানের রাস্তার অবস্থা ভয়াবহ। ফুটপাত দিয়ে হাঁটা যায় না, রাস্তা দিয়ে গাড়ি চলাচলেও ঝামেলা। এই সমস্যা তৈরি করে ফুটপাত আর রাস্তার পাশে থাকা দোকানগুলো। তারা রাস্তার প্রায় অর্ধেক আর ফুটপাতের পুরাটাই দখল করে রেখেছে।

গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে রাস্তা নিয়ে এই মার্কেটের নিরাপত্তাকর্মী মো. মোস্তফা বলেন, এই পুরো জায়গাটা ফাঁকা করা হয়েছিল। এখন আবার বসেছে। তাদের একদিক দিয়ে তাড়া করলে অন্য মোড়ে যায়।

সড়ক দখল করে বসেছে দোকান। ছবি: বাংলা ট্রিবিউন

তিনি আরও বলেন, ফুটপাতে দোকানিদের মধ্যে মারামারিও লেগে থাকে। কে কার জায়গা দখল করছে– এসব নিয়ে ঝামেলা হয়। যার জোর বেশি, সে জায়গা দখল করে নেয়। নিজেদের মধ্যে মারামারি হয়। একজন আরেকজনকে মারে, আবার দোকানে ফিরে আসে। এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে।

এদিকে ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীদের ভাষ্য, তারা নিরুপায় হয়েই বারবার তাড়া খাওয়ার পরও সড়কে দোকান নিয়ে বসেন।

গুলিস্তানের কয়েকজন হকারের সঙ্গে সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তারা বক্তব্য দিতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক হকার বলেন, ‘আমাদের উঠিয়ে দেয় আমরা আবার বসি; কারণ আমাদের কিছু করার নাই। এখানে ব্যবসা করেই আমাদের পেট চলে। পরিবার চলে, সন্তানদের লেখাপড়া চলে। ব্যবসা করতে না দিলে আমরা কীভাবে চলবো?’

তিনি আরও বলেন, ‘আমাদের তো কোনও নির্দিষ্ট জায়গা নেই, যেখানে আমরা বসে ব্যবসা করবো। তাহলে আমরা যাবো কই, আর করবোইবা কী?’

কোথাও কোথাও একাধিক সারিতে বসানো হয়েছে দোকান (ছবি: বাংলা ট্রিবিউন)

যা বলছে ডিএসসিসি

ফুটপাত দখলমুক্ত করার পরে পুনরায় দখল হওয়া প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা ডিএসসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি। সে কারণেই আমরা কিন্তু প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। প্রশাসক নিজেই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তবু কিছু কিছু জায়গায় এখনও ঘাটতি আছে। এ জন্য পুরোপুরিভাবে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন এখন কিন্তু এই বিষয়ে কঠোর অবস্থানে আছে। হকারদের জন্য সিটি করপোরেশনের নির্দিষ্ট করে দেওয়া জায়গা বা সীমানার বাইরে বসলেই মালামাল জব্দ করে জরিমানা করা হচ্ছে। যেসব জায়গা এখনও অবৈধভাবে হকাররা দখল করে আছে, আমরা আবারও উচ্ছেদ অভিযান চালাবো।

/আরকে/ইউএস/
সম্পর্কিত
নিখোঁজের পর ঝোপঝাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার
পল্লবীতে পার্কিং করা দুই বাসে আগুন
সর্বশেষ খবর
সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী
সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ, পর্যায়ক্রমে বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ, পর্যায়ক্রমে বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী
বর্ম তৈরি করেছেন ১৫ শিল্পী, জানতেনই না তা পরবেন বলিউডের অভিনেতারা!
বর্ম তৈরি করেছেন ১৫ শিল্পী, জানতেনই না তা পরবেন বলিউডের অভিনেতারা!
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী’
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা