রামিসাসহ নারী ও শিশু নির্যাতন মামলার শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ

শিশু রামিসার মতো নারী ও শিশুবিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য রবিবার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছেন প্রধান বিচারপতি।

রবিবার (৭ জুন) অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে আজ প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলাম। এ সময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও সালাহ উদ্দিন দোলন আমার বক্তব্য সমর্থন করেন।

এর এক পর্যায়ে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছেন।

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আজ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকার পাবে।

ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীর আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।