জনপ্রশাসনে সংযুক্ত হলেন শিল্প সচিব

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

মঙ্গলবার (৯ জুন) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ওবায়দুর রহমানকে শিল্প মন্ত্রণালয় থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। তিনি এতদিন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, আব্দুন নাসের খান গত ১৬ এপ্রিল চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। এবার তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।

অন্যদিকে, মো. ওবায়দুর রহমানকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।