সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 

জামাল উদ্দিন
১৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০০

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে  সরছে না সরকার। অন্যদিকে মাঠটি নিজেদের দাবি করে কৃষি গবেষণার জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে অনড় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। টানা আন্দোলন, সড়ক অবরোধ ও বিশ্ববিদ্যালয় শাটডাউনের পর এবার সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সরকারের অবস্থান হচ্ছে— মন্ত্রিসভার অনুমোদিত স্থানেই নতুন সচিবালয় নির্মাণ করা হবে। উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে এই বিরোধের নিষ্পত্তি কীভাবে হবে, সেটাই এখন প্রশ্ন ।

সংশ্লিষ্টরা বলছেন,একদিকে সরকার ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে মাঠের মালিকানা নিয়ে দুই পক্ষের দাবি এখনও মীমাংসা হয়নি। এ অবস্থায় প্রশাসনিক সিদ্ধান্ত, ভূমির রেকর্ড এবং শিক্ষার্থীদের দাবির মধ্যে সমাধানের পথ খোঁজা হচ্ছে।

এরআগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বর্তমান সচিবালয় আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়। এরপরই  আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনকে কেন্দ্র করে একটি সমন্বিত প্রশাসনিক নগরী গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান। ষাটের দশকে প্রণীত এবং পরবর্তী সময়ে সংশোধিত এই মহাপরিকল্পনায় সংসদ ভবনের পাশাপাশি জাতীয় সচিবালয়, সরকারি দফতর, আবাসন, হাসপাতাল, নাগরিক সুবিধা ও উন্মুক্ত সবুজ এলাকার ব্যবস্থা রাখা হয়। ১৯৭৩ সালের মহাপরিকিকল্পনায় সংসদ ও সচিবালয়ের জন্য পৃথক প্রশাসনিক খাত ছিল। স্বাধীনতার পর সংসদ ভবন নির্মাণ সম্পন্ন হলেও পরিকল্পিত সচিবালয় বাস্তবায়িত হয়নি।

সিদ্ধান্ত বহাল,পরিবর্তন হলে সরকারের পর্যায়েই হবে

এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সিদ্ধান্ত হচ্ছে, ওখানে সচিবালয় যাবে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের তো কোনও সমস্যা নেই। চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওখানে যাবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত তাই আছে।’’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে। তাদের সুবিধা-অসুবিধা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারে। কোনও সমস্যা থাকলে কথা বলবে। সংযোজন বিয়োজন তো হতেই পারে। তবে সেটি মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ব্যাপার এবং সরকারের সিদ্ধান্তের ব্যাপার।’’

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সচিবালয় স্থানান্তর নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শিক্ষার্থীরা চাইছিল সিন্ডিকেট থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসুক। পরে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে— সিন্ডিকেটের সদস্য ও দুই থেকে তিনজন শিক্ষার্থীসহ একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরবে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।’’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ৮ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাঠ পুনরুদ্ধারের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থানের কারণ ব্যাখ্যা করে অধ্যাপক আরফান আলী বলেন, ‘‘এই মাঠটি অনেক আগে থেকে আমাদের ছিল। এরশাদ সরকারের আমলে বাণিজ্য মেলার জন্য জায়গাটি নেওয়া হয়। এখন বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে অনেক গবেষণা হচ্ছে। কিন্তু আমাদের ভেতরে যে মাঠ রয়েছে, তা গবেষণার জন্য পর্যাপ্ত নয়। এ কারণে শিক্ষার্থীরা চাইছে পুরোনো মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হোক।’’

জমির মালিকানা নিয়ে দুই অবস্থান

প্রশ্ন হয়ে উঠেছে— পুরোনো বাণিজ্য মেলার মাঠের জমির মালিকানা কার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঐতিহাসিকভাবে জমিটি কৃষিশিক্ষা প্রতিষ্ঠানের অংশ ছিল। অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বক্তব্য, সংশ্লিষ্ট জমি তাদের নামে রেকর্ডভুক্ত সরকারি সম্পত্তি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরফান আলী বলেন, ‘‘১৯২০ সালের গেজেট থেকে আমাদের এই জমির বিষয়ে তথ্য রয়েছে। তবে জমির সব কাগজপত্র বর্তমানে আমাদের হাতে নেই। বিশ্ববিদ্যালয়ের আইন ও এস্টেট শাখার কর্মকর্তারা সিএস, আরএসসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন।’’

জমির খাজনা পরিশোধের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের ৮৭ একর জমির খাজনা আমরা কয়েক বছর ধরে দিয়ে আসছি। তবে বাণিজ্য মেলার মাঠের জমির খাজনা আমরা দিচ্ছি না।’’

এর আগে গণমাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান দাবি করেছিলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নয়। মাঠ ও অন্যান্য স্থাপনাসহ সংশ্লিষ্ট ১৫৭ একর জমি গণপূর্তের নামে রেকর্ডভুক্ত। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমিটি সরকারি সম্পত্তি হিসেবে দাবি করা হচ্ছে।

ফলে দুই পক্ষের বক্তব্যে জমির ঐতিহাসিক ব্যবহার, বর্তমান রেকর্ড এবং মালিকানার প্রশ্নে মতপার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও প্রয়োজনীয় ভূমিসংক্রান্ত নথি সংগ্রহ করছে বলে জানিয়েছে। এসব নথি যাচাই ছাড়া জমির আইনগত মালিকানা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

নতুন সচিবালয়ের পরিকল্পনায় যা রয়েছে

সরকারি পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় নতুন সচিবালয় নির্মাণের প্রস্তাব রয়েছে। সেখানে তিনটি বেজমেন্টসহ ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ভবনগুলোর মোট আয়তন হবে প্রায় ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট। এ ছাড়া প্রায় তিন হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, মসজিদ, বহুমুখী হল, ক্যাফেটেরিয়া ও অন্যান্য নাগরিক সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্প এলাকার একটি অংশ সবুজায়ন ও জলাধারের জন্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর বাংলাদেশ সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। পুরোনো ভবনগুলোর ভূমিকম্পঝুঁকি, স্থানসংকট এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দফতর ছড়িয়ে ছিটিয়ে থাকার সমস্যার কথা বিবেচনায় নিয়ে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। তবে নতুন সচিবালয়ের ধারণাগত নকশা অনুমোদিত হলেও পূর্ণাঙ্গ প্রকৌশল নকশা এবং প্রকল্পের ব্যয় নির্ধারণের কাজ এখনও বাকি রয়েছে বলে মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণার সময় জানানো হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য’
সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণ বন্ধ
২৪ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
সর্বশেষ খবর
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
দেশজুড়ে আবহাওয়া আজ শুষ্ক থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
দেশজুড়ে আবহাওয়া আজ শুষ্ক থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড