পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর মিছিলটি শুরু হয়। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি এগিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ মানুষ পরেছেন কালো পোশাক। তারা কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম করছেন এবং বিভিন্ন শোকগাথা ও ধর্মীয় স্লোগান দিচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অনেকেই প্রতীকী তাজিয়া বহন করছেন।
নারী, পুরুষ ও শিশু—সব বয়সী মানুষের অংশগ্রহণে হোসেনি দালান এলাকায় সকাল থেকেই শোকের আবহ বিরাজ করে। অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম- যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়।
এসময় ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রাজধানীর আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। হোসেনি দালান ও আশপাশের এলাকাসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্য ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এ শোক মিছিল আয়োজন করে।