২৯ খাল দখলমুক্ত করবে ডিএনসিসি: শফিকুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (২৯ জুন) মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রশাসক এই ঘোষণা দেন।

শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব। নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা-বিপত্তি আসুক না কেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল জনগণকে সঙ্গে নিয়ে দখলমুক্ত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচ লাখ বৃক্ষ রোপণ করবে। এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।

নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

প্রশাসক নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।