দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আবেদন চেয়েছে সরকার 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে সরকার। বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর জন্য চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করছে। 

এতে বলা হয়, আবেদনকারীকে দুদক আইন, ২০০৪-এর ধারা ৮-এর উপধারা (১) অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতার অধিকারী হতে হবে। একই সঙ্গে ধারা ৮-এর উপধারা (২)-এ বর্ণিত ব্যক্তিরা কমিশনার হিসেবে নিয়োগ বা বহাল থাকার যোগ্য হবেন না। 

জীবনবৃত্তান্তে আবেদনকারীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, চাকরি বা ব্যবসার বিস্তারিত তথ্য (মেয়াদকালসহ), মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে। 

এছাড়া জীবনবৃত্তান্তের সঙ্গে সাম্প্রতিক সময়ে তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সব সনদের অনুলিপি জমা দিতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ লিখতে হবে। 

জীবনবৃত্তান্ত জমা দেওয়া যাবে সচিবালয়ের কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র (গেট-৫) অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, ভবন নম্বর-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়ে। 

জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ জুলাই ২০২৬ (সোমবার) বিকাল ৪টা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন হবে না।