তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ‘বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার’ শীর্ষক উচ্চপর্যায়ের কৌশলগত পরামর্শ সভা করেছে আঙ্কারার বাংলাদেশ দূতাবাস।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল উপস্থাপনা করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
আলোচনায় অংশ নেন কেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান উনাল এবং সিগমা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ডিপ্লোম্যাটিক ক্লাব আঙ্কারার প্রতিষ্ঠাতা ড. আহমেদ দোআন।
মতবিনিময় সভায় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার, প্রতিরক্ষা শিল্পে বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণ প্রকৌশলী, গবেষক ও উদ্ভাবকদের মেধা কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়।
বিশেষজ্ঞরা একটি শক্তিশালী ও স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে তুরস্কের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা, মানবসম্পদে বিনিয়োগ, প্রযুক্তি উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং দেশীয় উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে গবেষণারত ন্যাশনাল ডিফেন্স কোর্সের (এনডিসি) অংশগ্রহণকারীদের প্রস্তুত করা গবেষণা প্রশ্নাবলী নিয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞদের মতামত ও ব্যবহারিক সুপারিশ গবেষণাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় দেওয়া সুপারিশগুলো বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের সামগ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা জোরদারে কার্যকর কৌশল প্রণয়নে সহায়ক হবে বলেও আশা করা হয়।
দূতাবাস জানায়, অব্যাহত সংলাপ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।