ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারির মালিককে জরিমানা

রাজধানীতে সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্ত করা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রবিবার (৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি দখলমুক্ত করা হয়।

এ ছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় আটটি নার্সারির মালিকের বিরুদ্ধে আটটি মামলা দিয়ে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে সব গাছ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

ডিএসসিসি জানিয়েছে, নগরীর পরিবেশ সংরক্ষণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।