ডে কেয়ার সেন্টার শিশুদের জ্ঞানচর্চা ও মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান সারা দেশে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর তিনটি ডে কেয়ার সেন্টার পরিদর্শন শেষে পান্থপথে অবস্থিত পানি ভবনে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ডা. জুবাইদা রহমান বলেন, “কর্মজীবীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা গেলে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবে। তবে স্বল্প আয়ের মানুষ যেন খরচ চালাতে হিমশিম না খায় সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।” তিনি কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের দায়িত্বগ্রহণ করায় ডে কেয়ার সেন্টারে কর্মরত নারীদের ধন্যবাদ জানান।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ডে কেয়ার সেন্টার বাড়াতে প্রশিক্ষিত জনবল ও ভালো মানসিকতার মানুষ দরকার। যাতে শিশুরা আগামী দিনের জন্য তৈরি হতে পারেন।”