বিমানের আলোচিত দুই কমার্শিয়াল সুপার ভাইজারকে অবশেষে বদলি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গোতে কর্মরত আলোচিত দুই কমার্শিয়াল সুপার ভাইজারকে অবশেষে বদলি করা হয়েছে। তারা হলেন - কমার্শিয়াল সুপারভাইজার কাজী মোহাম্মদ শাহজালাল এবং কমার্শিয়াল সুপারভাইজার মোনতাসের রহমান।

রবিবার (৬ জুলাই) তাদের বদলি করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক প্রশাসন আলাউদ্দিন তাদের বদলি আদেশে স্বাক্ষর করেন।

ওই আদেশে মোনতাসের রহমানকে সৈয়দপুর ও শাহজালালকে কক্সবাজার বিমানবন্দরে বদলি করা হয়।

জানা যায়, এদের বিরুদ্ধে বিমানবন্দরে কার্গোতে ৪ হাজার কেজি আমদানি পণ্য শুল্কায়ন ছাড়াই বাইরে বের করার অভিযোগ ওঠে। তবে বিমানের নিজস্ব তদন্তে শাহজালালকে অভিযুক্ত করলেও মোনতাসের সেই অভিযোগ থেকে রেহাই পান।

এছাড়াও কার্গোতে ডিউটি রোস্টার বাণিজ্যের অভিযোগের তদন্তে দুই জনের নামই আসে।

সূত্র জানায়, দীর্ঘদিন থেকে নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় অবশেষে তাদের বদলি করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।