সমন্বয়হীনতার অভাবে রাজধানীতে জলাবদ্ধতা: ডিএনসিসি প্রশাসক

সমন্বয়হীনতা ও সঠিক পরিকল্পনার অভাবে কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।  তিনি বলেন, বর্তমান জলাবদ্ধতার দায় কারও না, দায় সঠিক পরিল্পনার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গুলশান লেক ও হাতিরঝিল প্রকল্প করার সময় সঠিক পরিকল্পনার অভাব ছিল। ফলে গুলশানের বৃষ্টির পানি ধারণ ক্ষমতা গুলশান লেকের নেই।

সোমবার (১৩ জুলাই) বিকালে গুলশান খালের দুই পাশে জলাবদ্ধতা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

আগামীতে সব উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়ের তাগিদ দিয়ে রাজউককে চিঠি পাঠানো হবে বলেও জানান শফিকুল ইসলাম। এ সময় নগর নগরবাসীকে ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলাসহ ড্রেনগুলো পরিষ্কার রাখার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব খাল বেদখল হয়ে গেছে, সেগুলো দখলমুক্ত করে নগরের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে।

তিনি আরও জানান, খালগুলো পুনরুদ্ধার না করা পর্যন্ত নগরের জলাবদ্ধতা কখনোই কমবে না এবং জনদুর্ভোগ দূরীকরণ সম্ভব নয়। তাই নগরকে বাঁচাতে হলে এবং ভবিষ্যতে সুন্দর নগর গড়ার জন্য খালগুলো দখলমুক্ত করা প্রয়োজন।

প্রশাসক বেদখল খালগুলো দখলমুক্ত করার জন্য সাংবাদিক ও নগরবাসীকে সহযোগিতার করার আহ্বান জানান।

প্রশাসক জানান, ইতোমধ্যে মুসলিম বাজার খালসহ কয়েকটি খাল ও ড্রেন ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার কারণে ঢাকা শহরের অনেক মশা কমে গেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন রাস্তায় জমে থাকা পানির দ্রত অপসারণসহ ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে সেজন্য সিটি করপোরেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।