অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা: তথ্য অধিদফতর

অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নিবন্ধনকৃত গণমাধ্যমগুলোকে সতর্ক করেছে তথ্য অধিদফতর। পাশাপাশি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, পেশাগত দায়িত্বশীলতা এবং নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৫ জুলাই) এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানিয়ে বলা হয়েছে, সম্প্রতি সরকারি নিবন্ধনপ্রাপ্ত কয়েকটি গণমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি এবং বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশের ঘটনা লক্ষ্য করা গেছে। এসব কনটেন্ট জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থী।

তথ্য অধিদফতর জানায়, অসত্য সংবাদ প্রকাশের ঘটনায় ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যম কর্তৃপক্ষ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট গণমাধ্যমে সংশোধনীও প্রকাশ করা হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, ফ্যাক্ট চেক এবং পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করা গণমাধ্যমের অবশ্য পালনীয় কর্তব্য।

বিবরণীতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিয়ে সংবাদ প্রকাশের কারণে অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে। এর ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে।

এ কারণে সংবাদ প্রচারের আগে তথ্য যাচাইকে নিবন্ধিত গণমাধ্যমের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছে তথ্য অধিদফতর। এ দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত বিধিবিধানের আওতায় আনতে সরকার বাধ্য হবে বলেও সতর্ক করা হয়েছে।

বেনামী, ভুয়া কিংবা অনিবন্ধিত মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধিত গণমাধ্যমগুলোকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর।

একই সঙ্গে দেশের সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।