বিশ্ব পর্যটন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণের উদ্যোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘‘ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’’।

মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘‘এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি কালচার সম্বলিত প্রদর্শনী হবে।’’

এছাড়া জেলা পর্যায়ে একই সময়ে উদযাপনের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণের  নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘‘এবারে অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই। সে লক্ষ্যে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতা চাই।’’

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘‘এবারের পর্যটন দিবসে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত টিভিসি থাকবে। বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।’’

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পর্যটন শিল্পের গুরুত্ব ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।