তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ, মন্ত্রণালয়ের সতর্কতা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর নামে অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বেআইনি এবং অনৈতিক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে শুধু একটি ভেরিফায়েড (ব্লু ব্যাজযুক্ত) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে অন্য কোনও ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

এ অবস্থায় সর্বসাধারণকে এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বা পেজের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।