রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪টার দিকে চকবাজারের ঊর্ধ্ব রোড এলাকার একটি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে গুরুতর আহত দবিরকে অপর অটোরিকশার চালক উদ্ধার করে প্রথমে ঢামেকে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়।
তবে বাসায় যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে আবারও তাকে ঢামেকে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মহাজন রতন জানান, দবিরের মৃত্যুর খবর জানার পর তাকে হাসপাতালে নিয়ে আসা অপর অটোরিকশাচালক কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত দবির আহমেদ পাবনার চাটমোহর উপজেলার অষ্টমণিষা গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের মাদবরনগর এলাকার একটি গ্যারেজে থাকতেন।