চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেখানে মশক নিধন কীটনাশক কিনতেই বাজেট ধরা হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা। যেখানে গত অর্থবছরে এই বাজেট ছিল ৪৫ কোটি ৩৫ লাখ টাকা। অবশ্য সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ধরা হয় ৩০ কোটি ৩৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়াম এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, মশক নিধনের জন্যে ডিজেল, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট ক্রয় করতে আলাদাভাবে বাজেট ধরা হয়েছে ৪ কোটি টাকা। এই খাতে গত অর্থবছরে আলাদাভাবে কোনও বাজেট ধরা হয়নি। এছাড়াও পরিবহন ব্যয় (ফগার বা হুইল স্প্রে মেশিন পরিবহন) ধরা হয়েছে ২ কোটি টাকা। যা গত অর্থবছরের ছিল দেড় কোটি টাকা।
বাজেট আরও লক্ষ্য করা যায়, অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি (মশক নিয়ন্ত্রণ যন্ত্র) নামে আরও সাড়ে ৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল মাত্র ২ কোটি টাকা।
এদিন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসি এলাকায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সকালে লার্ভিসাইডিং ও বিকালে এডাল্টিসাইডিং কার্যক্রম নিয়মিত করা হয়েছে। মশককর্মী ও মশক সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগে গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সঠিক নিয়মে ও নিয়মিত মশক নিধন কার্যক্রম নিশ্চিতকরণে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষার মাধ্যমে শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া, মশক নিধনে বিকল্প পদ্ধতি বা ওষুধের জন্য বিশেষজ্ঞ দলের নিকট হতে নিয়মিত সুপারিশ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের সম্পৃক্তকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। নাগরিদের সম্পৃক্ত ও সচেতন করতে জনসংযোগ বিভাগের মাধ্যমে স্কুল-কলেজ পর্যায়ে ক্যাম্পেইন, সোশাল মিডিয়ায় কনটেন্ট নির্মাণ ও প্রচার, টিভিসি নির্মাণ ও প্রচার, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচার ও জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি, ডেঙ্গু প্রতিরোধে জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় হাতিয়ার।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এ বছর প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ করা হয়েছে। জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডে নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি ঘনত্ব পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওয়ার্ডসমূহে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ১৪তম করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেটের পরিমাণ ছিল ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৩ হাজার ১৩৮ কোটি ৭৭ লাখ টাকা।