দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি, কারণ কী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৫ এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ কেবলটি বেলা সাড়ে ১১টার দিকে পুরোপুরি অচল হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে সংযোগটি আবার সচল হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় অবস্থিত এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। তবে বিকল্প সংযোগ ব্যবহারের কারণে কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে এ ঘটনায় দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হওয়ার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএসসিপিএলসি। দেশে একাধিক সাবমেরিন কেবল এবং স্থলভিত্তিক বিকল্প আন্তর্জাতিক সংযোগ চালু থাকায় একটি কেবল সাময়িকভাবে অচল হলেও বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহ করা হয়।

বিএসসিপিএলসির সূত্র বলছে, কেবলটির সংযোগ পুনরায় সচল হওয়ার পর ধীরে ধীরে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে শুরু করে।