দেশমাতৃকার সেবায় পেশাদারত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ইউনিটগুলো পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে আয়োজিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। এ সময় রেজিমেন্টের সামগ্রিক কার্যক্রম, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেন।
রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটগুলো ভবিষ্যতেও পদাতিক বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; সামরিক সচিব; বিআইআরসির কমান্ড্যান্ট; ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার; এসআইঅ্যান্ডটির কমান্ড্যান্টসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট এরিয়ার কর্মকর্তা, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।