সুন্দরবনের জন্য ইকো গাইড তৈরি করা হচ্ছে: মেনন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনে দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ইকো গাইড হিসেবে সুন্দরবন অঞ্চলের যুবকদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমরা জেলার সুন্দরবন সংলগ্ন এলাকার শিক্ষিত ও উৎসাহী যুবককে ইকো গাইড হিসেবে তৈরি করছি। যাতে তারা দায়িত্বশীল পর্যটক গাইড হিসেবে এই বনের বৈশিষ্ট্য ও বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারে।’

সুন্দরবনের বৃহত্তম ট্যুর অপারেটর বেঙ্গল ট্যুরস লিমিটেডের সহযোগিতায় বিটিবি গত সপ্তাহে সুন্দরবনের জন্য চার নারীসহ ২০জন স্থানীয় তরুণ-তরুণীকে নিয়ে ১০ দিনের এক বুনিয়াদি ইকো গাইড প্রশিক্ষণ শুরু করেছে।

আরও পড়তে পারেন: ফায়ারম্যানদের চিকিৎসায় তৈরি হচ্ছে বিশেষায়িত বার্ন হাসপাতাল

মন্ত্রী বলেন, সুন্দরবনের জন্য ইকো-ট্যুরিজমের অনুশীলন আবশ্যক। সুন্দরবনে দিন দিন দেশি-বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ছে, কিন্তু এখানে ইকো ট্যুরিস্ট গাইড এবং পেশাদার ট্যুর অপারেটররের অভাব রয়েছে।

তিনি বলেন, ইকো গাইডের মাধ্যমে একদিকে বনের জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করতে হবে। অন্যদিকে স্থানীয় শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, যদি পর্যটকদের সঙ্গে বনরক্ষী ও ট্যুর অপারেটরদের ইকো গাইড থাকে তাহলে পর্যটকরা গভীর বনে যেতেও উৎসাহ বোধ করবেন।

মন্ত্রী বলেন, তিনি শিগগিরই বিদ্যমান সুন্দরবন পর্যটন নীতি আধুনিক করতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। খবর বাসস।

/এসটি/