ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান

ইনার হুইল বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট ৩৪৫-এর অধীনস্থ ছয়টি ক্লাব ঢাকা মেট্রো, ঢাকা ওল্ড টাউন, ঢাকা স্পন্দন, দিলকুশা, গ্রিন ভ্যালি এবং ওয়েসিস ঢাকার যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হোটেল ‘ক্রাউন প্লাজায়’ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল বাংলাদেশ, ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান শিরীন আক্তার চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ তাহেরা এস ওয়াহিদ প্রমুখ।

অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান, দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং ইনার হুইল ২০২৬-২৭ বর্ষের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানের সম্মাননা পর্বে অসাধারণ অর্জন ও অনুপ্রেরণাদায়ক অভিযাত্রার জন্য এভারেস্ট বিজয়ী নুরূন্নাহার নিম্মিকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি পেশাগত উৎকর্ষতা এবং সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ওয়েলনেস কনসালট্যান্ট এবং রিজেনারেটিভ মেডিসিনের সঙ্গে সংশ্লিষ্ট ডা. তাওহীদা রহমান ইরীনকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ইনার হুইলের বিভিন্ন পর্যায়ের নেতা, ক্লাব সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।