বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্রবাহিনীর মধ্যে পেশাগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সামরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।