নির্বাহী আদেশে নয়, দুর্গাপূবাজায় তিন দিনের সাধারণ ছুটি চায় জাতীয় হিন্দু মহাজোট। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতসহ নানা দাবিতে শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৬ অক্টোবর সারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ জানায়, কেননা প্রধানমন্ত্রী মোট তিন দিন ছুটি ঘোষণা করেছেন। এর মধ্যে নির্বাহী আদেশে দুই দিন। আমরা আগামী বছর দুর্গাপূজায় তিন দিন সাধারণ ছুটি চাই। অষ্টমী, নবমী ও দশমী এই তিন দিন। কারণ নির্বাহী আদেশের ছুটি আগামীতে নাও থাকতে পারি।
তারা বলেন, হিন্দু সম্প্রদায় নিজেদের ঝুঁকিপূর্ণ মনে করছে। এ জন্য অনেকে দেশ ছাড়ছে। যারা তাদের হুমকি দিচ্ছে তারা যে দলেরই হোক আইনের আওতায় আনতে হবে। বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর করা হয়েছে। সর্বশেষ গতকাল রাতেও ঠাকুরগাঁওয়ে মন্দির ভাঙচুর করা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণে প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে বলে আমরা মনে করি। প্রতিটি ঘটনায় কয়েকজন গ্রেফতার হয়, এর পর জামিন পেয়ে বাদীদের ওপর অধিক মাত্রায় চাপ প্রয়োগ করে। মামলাটি দীর্ঘসূত্রিতায় পরিণত হচ্ছে। বিচার হচ্ছে না। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা ও আত্মহত্যা বেড়ে গেছে। গত ৯ মাসে ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এ সব ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি।