সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা

সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। একইসঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৮ অক্টোবর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, এ হত্যাকাণ্ড শুধু একজন নাগরিকের জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর ভয়াবহ আঘাত।

সম্পাদক পরিষদ বলেছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে নিহত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তার সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, হত্যাকাণ্ডের পেছনে কোনও রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা সাংবাদিকতাসংশ্লিষ্ট বিরোধ অথবা পূর্ববর্তী হুমকির ঘটনা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক না কেন, কাউকেই দায়মুক্তি দেওয়া যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, কোনও প্রভাবশালী মহলের চাপে তদন্ত বাধাগ্রস্ত হলে কিংবা অপরাধীরা পার পেয়ে গেলে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে, হামলা চালিয়ে কিংবা হত্যা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

এ ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ হতে গণতান্ত্রিক শক্তি, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সত্য প্রকাশের অধিকার রক্ষায় কোনও আপস করা যাবে না।