ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রাক-চুক্তি আলোচনার ভিত্তিতে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর ডিপোতে সিভিল ও ভবন নির্মাণকাজ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএমটিসিএল-এর অধীনে ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫: নর্দার্ন রুট)’-এর প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী গত ৮ অক্টোবর এই সম্মতিপত্র জারি করেন।
সম্মতিপত্র অনুযায়ী, এ কাজের গৃহীত চুক্তিমূল্য মোট ১ হাজার ৫৭৮ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে ৫৩৪ কোটি ৩০ লাখ টাকা, ৪৬ কোটি জাপানি ইয়েন এবং ৮ কোটি ২৪ লাখ ৯৩ হাজার মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তির শর্ত এবং প্রাক্-চুক্তি আলোচনার কার্যবিবরণী অনুযায়ী, ২৮ দিনের মধ্যে কার্যসম্পাদন জামানত জমা দিতে সংশ্লিষ্ট পক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমটিসিএল বিল অব কোয়ান্টিটিজের ইউনিট মূল্যের বিশদ বিবরণ দিতেও অনুরোধ করেছে। প্রাক-চুক্তি আলোচনার কার্যবিবরণীতে যে সময় ও পদ্ধতির কথা বলা আছে, সেই অনুযায়ী তা দিতে হবে।
এ ছাড়াও বাংলাদেশে এ কাজের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও উৎসে আয়কর গৃহীত চুক্তিমূল্যের অন্তর্ভুক্ত হবে না। বাসস।