বুধবার দুপুরে চার আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন জনকে সাতদিনের হেফজাতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান কোতোয়ালি থানার পরিদর্শক পারভেজ হোসেন। শুনানি শেষে মহানগর হাকিম সাজ্জাদুর রহমান তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এই তিন আসামি হলেন-মসজিদের সহকারী মুয়াজ্জিন মোশারফ হোসেন (২৩), খাদেম মো. হাবিবুর রহমান (২০) ও হাফেজ তোফাজ্জল হোসেন ওরফে তাজিনুল (২৩)।
আরও পড়ুন: অর্থ ও ক্ষমতার দ্বন্দ্বেই মুয়াজ্জিনকে খুন করেন খাদেম
সিএমএম কোর্টের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ সাফায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যে ছুরি দিয়ে মুয়াজ্জিন বিল্লালকে হত্যা করা হয়েছে, সেটি উদ্ধার করা হয়েছে। সেই ছুরির বিষয়ে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা দরকার।’
মুয়াজ্জিন বিল্লালের বন্ধু সরোয়ার হালিম (২২) নামে আরেকজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩ এপ্রিল রাতে মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে মসজিদে হত্যা করা হয়।পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
/এআরআর/ এমএসএম /