গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের আরশাদসহ ২৬ সাংবাদিক

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ পেয়েছেন ২৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। এর মধ্যে প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আরশাদ আলী।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক, স্মারক ও সনদ দেওয়া হয়।

প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম এবং ডেইলি সানের এএনএম মহিবুব উজ জামান। তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের মো. হাবিবুর রহমান।

ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইটিভির মো. ইমতিয়াজ আহমেদ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস। তৃতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের মো. মাহমুদ জামান, নিউজ২৪-এর কাইয়ুম হাসান রিশাদ ও ঢাকা পোস্টের মো. আরিফুল ইসলাম।

অর্থনীতি ও কূটনীতি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও জাগোনিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। তৃতীয় পুরস্কার পেয়েছেন দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমদ আরিফ, ডেইলি সানের মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের মো. ইকবাল হোসাইন।

ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সারাবাংলার ফারহানা হক নীলা। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া ও আরটিভির এ আর বাদল। তৃতীয় পুরস্কার পেয়েছেন দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন এবং দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য যৌথভাবে বিশেষ পুরস্কার পেয়েছেন চ্যানেল২৪-এর স্পেশাল করেসপনডেন্ট রেজওয়ান উজ জামান ও ভিডিওগ্রাফার মো. মোক্তার হোসেন।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। আমি বিশ্বাস করি দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে।’

অনুষ্ঠানের আয়োজক ছিল সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, ন্যাশনাল প্রেস ক্লাব অব বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাব এতে সহযোগিতা করে। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে চীনের দূতাবাস।