একটি টেবিলে বসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল এক যুবককে। জবাবে তিনি বলেন, ‘আমি কে তোরে চিনাইতেছি।’ এরপর ফোন করে ডেকে আনেন আরও কয়েকজনকে। মুহূর্তের মধ্যে শুরু হয় হামলা, মারধর ও ভাঙচুর। প্রায় আধাঘণ্টার তাণ্ডবে তছনছ হয়ে যায় রাজধানীর মহাখালীর জনপ্রিয় রেস্তোরাঁ ‘দূরবীন বাংলা’। মালিকপক্ষের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ লাখ টাকা। অভিযোগ উঠেছে, হামলাকারীরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী এবং তাদের কয়েকজন একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত। ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করার দাবিও করেছে তারা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে রেস্তোরাঁটি সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁচের দরজা-জানালা, চেয়ার-টেবিল, রান্নাঘর ও অপেক্ষার জায়গাসহ প্রায় সবখানেই ভাঙচুরের চিহ্ন। একসময় ক্রেতাদের ভিড়ে মুখর থাকা রেস্তোরাঁটি এখন বন্ধ। ভাঙা আসবাব ও ক্ষতিগ্রস্ত স্থাপনা সরিয়ে নতুন করে সাজানোর কাজ শুরু করেছেন মালিকপক্ষ।
আধাঘণ্টায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি
রেস্তোরাঁটির অন্যতম মালিক সাফিন বেগ বাংলা ট্রিবিউনকে বলেন, হামলাকারীরা শুধু চেয়ার-টেবিল ভাঙচুর করেই থামেনি। রান্নাঘর, অপেক্ষার জায়গাসহ রেস্তোরাঁর প্রায় প্রতিটি অংশে তাণ্ডব চালিয়েছে। ভেঙে ফেলেছে কাঁচের স্থাপনা ও বিভিন্ন সরঞ্জাম। মারধর করেছে কয়েকজন কর্মীকে। এমনকি ক্যাশবাক্স থেকে টাকা লুট এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিস্ক খুলে নেওয়ারও অভিযোগ করেন তিনি।
সাফিন বেগ বলেন, ‘কিচেন রুম, ওয়েটিং রুম, ভেতরের কোনও গ্লাসই তারা আস্ত রাখেনি। সব ভেঙে দিয়েছে। আমার কয়েকজন কর্মীকে বেধড়ক পিটিয়েছে। ক্যাশ থেকে টাকা লুট করেছে। সব মিলিয়ে ২৫ থেকে ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি করেছে।’
তবে ক্ষতিগ্রস্ত আসবাব, সরঞ্জাম, স্থাপনা ও লুট হওয়া নগদ অর্থের পৃথক হিসাব তারা দিতে পারেননি। পূর্ণাঙ্গ হিসাব তৈরি হলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন বলে জানান রেস্তোরাঁ সংশ্লিষ্টরা।
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই হামলা
রেস্তোরাঁ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই সেখানে ক্রেতাদের ভিড় ছিল। একপর্যায়ে এক যুবক এসে সরাসরি একটি টেবিলে বসতে চান। কিন্তু টেবিলটি পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য নির্ধারিত ছিল। রেস্তোরাঁর একজন কর্মী তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি একা হওয়ায় দ্রুত অন্য একটি আসনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।
কিন্তু অপেক্ষা করতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। রেস্তোরাঁর কর্মীদের ভাষ্য, এরপর তিনি হুমকি দিয়ে বলেন, ‘আমি কে তোরে চিনাইতেছি।’ পরে ফোন করে অন্যদের ডেকে এনে হামলা চালান।
প্রথমে তিন থেকে চারজন যুবক এসে রেস্তোরাঁর এক কর্মীকে মারধর করেন। পরে আরও কয়েকজন এসে তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে চেয়ার-টেবিল, কাঁচের স্থাপনা ও অন্যান্য আসবাব ভাঙচুর শুরু করেন তারা। আতঙ্কে খাবার খেতে আসা ক্রেতারা ছোটাছুটি শুরু করেন। কেউ খাবার ফেলে, কেউ অপেক্ষার জায়গা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যান। প্রায় আধাঘণ্টা ধরে চলে হামলা ও ভাঙচুর। রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ, তাণ্ডব শেষে হামলাকারীরা তিতুমীর কলেজের দিকে চলে যান।
মালিক সাফিন বেগ বলেন, ‘হোটেলভর্তি লোকজনের মধ্যে ছেলেটি গিয়ে বসার চেষ্টা করে। আমাদের একজন কর্মী তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। যেহেতু সে একা, তাই বেশি সময় অপেক্ষা করতে হবে না বলেও জানানো হয়। কিন্তু সে ক্ষিপ্ত হয়ে লোকজন ডেকে এনে পুরো রেস্তোরাঁ তছনছ করে দেয়।’
সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য, হার্ডডিস্ক নেওয়ার অভিযোগ
হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে ভিডিও ফুটেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একদল যুবককে রেস্তোরাঁর ভেতরে চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করতে দেখা যায়। প্রকাশিত ভিডিওতে কয়েকজন পুলিশ সদস্যকেও হামলাকারীদের থামানোর চেষ্টা করতে দেখা গেছে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরাতেও ধারণ হয়েছিল। তবে হামলাকারীরা ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মালিক সাফিন বেগ। পুলিশ জানিয়েছে, তাদের কাছে ঘটনার ফুটেজ রয়েছে। তা পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।
হামলার সঙ্গে জড়িতরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন রেস্তোরাঁর মালিক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযুক্তদের কয়েকজন রাজনৈতিকভাবে সক্রিয় বলেও অভিযোগ রয়েছে।
সাফিন বেগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেই ছেলেটি প্রথমে এসেছিল সেও পলিটিক্যাল। কী কারণে সে এ কাজ করলো, তার মোটিভ কী, আমরা বিষয়টি বুঝিনি। এরা সবাই তিতুমীর কলেজের শিক্ষার্থী। কোনও দলের নাম বলছি না। পুলিশ সবই জানে এবং দেখেছে।’
তিনি জানান, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে পুলিশের সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এ হামলায় জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারে কাজ চলছে। কোনোভাবেই এ ধরনের কাজ বরদাস্ত করা হবে না। তাদের আইনের আওতায় আনা হবে। তবে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে কাউকে গ্রেফতার করতে না পারার সুনির্দিষ্ট কোনও তথ্য তিনি দিতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা
রেস্তোরাঁয় হামলার ঘটনাকে নিছক বসার জায়গা নিয়ে বিরোধ হিসেবে দেখতে নারাজ স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী। তাদের অভিযোগ, এলাকায় নিজেদের প্রভাব দেখানো এবং আতঙ্ক তৈরির উদ্দেশ্যেও এমন হামলার ঘটনা ঘটানো হতে পারে।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘এরা সবাই এ রকম। কোনও কিছু হলেই এ ধরনের ঘটনা ঘটায়। সবাই তাদের চেনে। মূলত প্রভাব ও আতঙ্ক সৃষ্টি করতে তারা এ কাজ করেছে।’
আরেক বাসিন্দা ইয়াসিন বলেন, ‘ওই রেস্তোরাঁ কি কারও ক্ষতি করেছে? বরং ভালো খাবার দেয় বলে সবসময় ভিড় থাকে। বিদেশিরাও আসে। কিন্তু যে কাজ তারা করল, এভাবে তো লোকজনকে ব্যবসা করতে দেবে না।’
তার অভিযোগ, এলাকায় প্রভাব খাটিয়ে বিনা পয়সায় সুবিধা নেওয়ার মানসিকতা থেকেও এমন আচরণ করা হয়।
জনপ্রিয় রেস্তোরাঁ এখন বন্ধ, চলছে সংস্কার
মহাখালীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের সড়ক থেকে চোখে পড়ে দূরবীন বাংলা। মাটির রঙের বাহ্যিক সাজসজ্জার সঙ্গে ভেতরে রয়েছে বাঙালিয়ানা ও আধুনিকতার সমন্বয়। গত বছর যাত্রা শুরু করা রেস্তোরাঁটি অল্প সময়ের মধ্যেই দেশীয় খাবারের জন্য পরিচিতি পায়। বিশেষ করে সকালের নাশতার জন্য সেখানে ভিড় লেগেই থাকত। ঢাকার বাইরের পাশাপাশি বিদেশি ক্রেতারাও খাবার খেতে আসতেন বলে জানান মালিকপক্ষ।
অতিরিক্ত ভিড় সামাল দিতে রেস্তোরাঁটিতে টোকেন পদ্ধতি এবং আলাদা অপেক্ষার জায়গা চালু করা হয়েছিল। সেই নিয়ম মেনে আসন বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করেই শুক্রবারের ঘটনা।
সাফিন বেগ বলেন, ‘আমরা বাঙালি খাবারের স্বাদ দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিতে রেস্তোরাঁটি শুরু করি। প্রথম থেকেই ব্যাপক সাড়া পেয়েছি। জায়গা বড় হলেও অনেক সময় সবাইকে একসঙ্গে বসাতে পারতাম না। তাই টোকেন সিস্টেম চালু করি।’
হামলার পর বন্ধ থাকা রেস্তোরাঁটি আবার চালুর জন্য শনিবার থেকে সংস্কারকাজ শুরু হয়েছে। তবে স্বাভাবিক কার্যক্রম কবে শুরু করা যাবে, তা এখনও নিশ্চিত নয়।
একটি টেবিলে বসার জায়গা নিয়ে বিরোধ থেকে এমন ব্যাপক ভাঙচুরের ঘটনা এখন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির প্রশ্নেও সীমাবদ্ধ নেই। প্রকাশ্যে হামলা, কর্মীদের মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগের পাশাপাশি ভিডিওতে হামলার দৃশ্য থাকার পরও জড়িতদের বিরুদ্ধে কত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে, সেই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা।