ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ১৯:৪০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৪০

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত তাদের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা সিটি করপোরেশনকে জনগণের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি। একইসঙ্গে জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বেইলি রোডকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই সড়কের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ রাস্তা হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে, কোথাও কোনও আবর্জনা থাকতে দেওয়া হবে না।

বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলাদা একটি দিন কর্মসূচি পালন করা হবে। ওই এলাকায় গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে না। একইভাবে বায়ুদূষণ থেকেও ঢাকাকে রক্ষা করা কঠিন হবে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখার বিকল্প নেই।

নগরবাসীর সহযোগিতা চেয়ে আবদুস সালাম বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। দোকান পরিষ্কার করে সেই ময়লা রাস্তায় ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে।

সচেতন নাগরিক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না এবং সিটি করপোরেশন যথাযথভাবে আবর্জনা পরিষ্কার করছে কি না, তা নজরদারি করতে হবে। কোথাও মশার উপদ্রব দেখা দিলে মশার ওষুধ ছিটানো হচ্ছে কি না, সেটিও সিটি করপোরেশনকে জানাতে হবে। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ঢাকা শহর একদিন সুন্দর ও শান্তির শহর হবে। এটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের রাজধানী হিসেবে বিশ্বে একটি সুন্দর নগরী হিসেবে পরিচিতি পাবে।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, ক্লিনিং ডের অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
সর্বশেষ খবর
গ্যারান্টি ক্লজ ও সালিশীর বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
গ্যারান্টি ক্লজ ও সালিশীর বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের