জলবায়ু উদ্যোগের পরিমাপযোগ্য ফল জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার

জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলে কী পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি হয়েছে এবং এসব উদ্যোগ মানুষের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার। আগামী পাঁচ বছর পর সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে জনগণ যেন সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এসব কথা বলেছেন। সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট সিএএলএল কনসোর্টিয়াম।

সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে বিভিন্ন উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে, এমন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য কেবল পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা নয়; বরং বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা। পাঁচ বছর পর জনগণ যেন এসব অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন এবং পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, সেভাবে কাজ করছে সরকার।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি। বলেন, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় অপরিহার্য। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষায় কার্যকর অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।