জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও সহায়তার দাবি দীর্ঘদিনের। প্রতিটি জলবায়ু সম্মেলনেই বাংলাদেশ অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন কার্যক্রমে বাড়তি সহায়তার প্রয়োজন তুলে ধরছে। এবারও তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচটি প্রস্তাব দিয়েছেন। একই সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের অর্থায়ন চেয়ে বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগ পেয়েছে বাংলাদেশ।
তবে অর্থায়নের সুযোগ তৈরি হওয়া আর অর্থ হাতে পাওয়া এক বিষয় নয়। বিনিয়োগ পরিকল্পনা তৈরি ও অনুমোদন, আগের প্রতিশ্রুত অর্থ ছাড় এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা—সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু অর্থায়নের প্রতিশ্রুতি পেলেই হবে না, সেই অর্থের সঠিক ব্যবহার ও কার্যকারিতাও নিশ্চিত করতে হবে।
কপ৩১-এ বাংলাদেশের পাঁচ প্রস্তাব
কপ৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের প্রস্তাব দেন।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমাতে ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ চালু, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তরের জন্য বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণের প্রস্তাব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, অনুদান প্রয়োজন, যা তাদের ঋণের বোঝা বাড়াবে না। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য আরও জোরালো সহায়তা প্রয়োজন। তাঁর মতে, বৈশ্বিক জলবায়ু অর্থায়নব্যবস্থা এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে পূরণ করছে না।
৩০ মিলিয়ন ডলারের অর্থায়নের সুযোগ
বাংলাদেশের এবারের সম্মেলনের একটি প্রাপ্তি হিসেবে এসেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন কর্মসূচি এআরআইএসইর প্রথম পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ। এর আওতায় সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের অর্থায়ন চেয়ে বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগ পেয়েছে বাংলাদেশ।
১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো এ ধরনের ঘোষণা এসেছে বলে জানান তিনি।
এই অর্থ কী কাজে ব্যবহার করা হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ অর্থ ব্যয় করা হবে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ইকোসিস্টেম পুনরুদ্ধার, আশ্রয়কেন্দ্র এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণে অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তবে একই দিন কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানান, বাংলাদেশ সিআইএফের নতুন এআরআইএসই কর্মসূচির প্রথম পর্যায়ে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে। এর আওতায় জলবায়ু সহনশীলতা বাড়াতে সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের অর্থায়ন চেয়ে বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগ পাবে দেশটি। তবে এই অর্থ এখনও অনুমোদিত হয়নি। বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সহযোগিতায় বিনিয়োগ পরিকল্পনা তৈরি করে জমা দেওয়ার পর অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের উদ্যোগ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম সম্প্রসারণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি)-এর আওতায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নে পর্যাপ্ত ও সময়োপযোগী আন্তর্জাতিক অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারি ও প্রাতিষ্ঠানিক ভবনে সৌরশক্তির ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে বিশেষ নীতিসহায়তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিল্পকারখানাকে পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তর, গ্রিন ইন্ডাস্ট্রির প্রসার এবং লিড সার্টিফিকেশনের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখননের কর্মসূচি শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভূগর্ভস্থ পানির অপচয় রোধ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাহ্দী আমিন বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।
অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন
জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু সম্মেলনে শুধু তহবিল গঠন বা অর্থায়নের প্রতিশ্রুতি দিলেই হবে না, সেই অর্থের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। আগের সম্মেলনগুলোতে রাজনৈতিক ও প্রক্রিয়াগত অনেক সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়নে ঘাটতি রয়েছে। অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে এবং তা প্রত্যাশিত কাজে লাগছে কি না, যথাযথ পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এ পর্যন্ত বাংলাদেশকে ৪৬৪ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে ৩০ মিলিয়ন ডলারের অর্থায়নের আলোচনা হচ্ছে। এই অর্থের সঠিক ব্যবহার হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, নতুন অর্থ মূলত উপকূলীয় এলাকায় ব্যবহার করা হবে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ও পানি মন্ত্রণালয় এই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে পারবে কি না, তা নিয়ে তাঁর সংশয় রয়েছে।
আইনুন নিশাত বলেন, উপকূলের প্রয়োজনের তুলনায় অর্থের পরিমাণ কম হলেও এই অর্থ সঠিকভাবে ব্যবহার করে দেখানো জরুরি। তা না হলে অর্থায়ন মাঝপথে বন্ধও হয়ে যেতে পারে।
বাংলাদেশের জন্য এবারের সম্মেলনের সাফল্য নির্ভর করবে অর্থায়নের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য হচ্ছে, ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থপ্রাপ্তি সহজ হচ্ছে কি না এবং অভিযোজনের জন্য প্রয়োজনীয় সহায়তা কতটা নিশ্চিত হচ্ছে, তার ওপর। শুধু সম্মেলনে দাবি উত্থাপন বা অর্থের প্রতিশ্রুতি পাওয়াকে অর্জন হিসেবে দেখার সুযোগ নেই। সেই অর্থ কতটা পাওয়া যাচ্ছে এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জীবনে তার প্রভাব কতটা পড়ছে, সেটিই হবে বাংলাদেশের অর্জন পরিমাপের মূল মাপকাঠি।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক, বিশেষজ্ঞ শরীফ জামিল বলেন, বাংলাদেশের উপকূলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, তার তুলনায় অর্থায়নের বিষয়ে ৩০ মিলিয়ন ডলারের যে আলোচনা হচ্ছে, তা খুবই নগণ্য। ক্ষতিগ্রস্ত দেশগুলোর যে পরিমাণ অর্থায়ন প্রয়োজন, সে তুলনায় জলবায়ু সম্মেলনে অর্থায়ন নিয়ে আলোচনারও এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। তবে আলোচনা অব্যাহত আছে। এই অব্যাহত থাকাটা ইতিবাচক। এই আলোচনার মাধ্যমেই দায়ী দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের যে অর্থ আসবে; তা মূলত উপকূলীয় মানুষের জন্য ব্যবহার করার কথা। কিন্তু এই অর্থ কীভাবে ব্যবস্থাপনা ও ব্যবহার করা হবে, ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছাবে কিনা এবং তারা এর সুফল পাবেন কিনা; সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি দেশের বিষয় নয়, অনেক ক্ষতিগ্রস্ত দেশের বিষয়। শুধু টাকা ঘোষণা করাই লক্ষ্য নয়; অর্থের ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় এর সঠিক ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।