রাজধানীর শাহজাহানপুর ও শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নাসিমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। এছাড়া শ্যামপুরের ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজার সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।