দুপুরের পর ঢাকার আকাশজুড়ে ধূসর আবরণ। উপর থেকে তাকালে দূরের ভবন, গাছপালা ও স্থাপনাগুলো দেখা যাচ্ছে ঝাপসা। সূর্যের আলোও অনেকটা ম্লান। শীতের শুরুতে আকাশের এমন চেহারা দেখে অনেকের মনে প্রশ্ন, এগুলো কি শীতের কুয়াশা, নাকি অন্য কিছু?
আবহাওয়াবিদদের মতে, দিনের বেলায় আকাশজুড়ে দেখা দেওয়া এই ধূসর আবরণ প্রকৃতপক্ষে কুয়াশা নয়, ধোঁয়াশা বা স্মোগ। বাতাসে ধুলিকণার সঙ্গে জলীয় বাষ্প মিশে এ ধরনের ধোঁয়াশা তৈরি হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ২০৮-এ পৌঁছায়। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায়ও ছিল ঢাকা।
আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, এটা কুয়াশা বলা যায় না, এটাকে বলা যায় ধোঁয়াশা। ইংরেজিতে ফগ হচ্ছে কুয়াশা। আর এটার ইংরেজি হচ্ছে স্মোগ। বাতাসের ডাস্ট পার্টিকেলের সঙ্গে জলীয় বাষ্প মিলে এই ধোঁয়াশা তৈরি হয়। যা বাতাসে ভাসমান অবস্থায় থাকে। আকাশের মাঝামাঝি অবস্থায় এটি অবস্থান করে। দূর থেকে এটাকে কুয়াশা মনে হয়। আসলে এটি কুয়াশা নয়।
তিনি বলেন, নভেম্বরের শেষ দিকে কুয়াশার দেখা পাওয়া যাবে। ২৪ নভেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ডিসেম্বরে শীতের অনুভূতি পাওয়া যাবে। এখন কার্তিক-অগ্রহায়ণ মাসে সাধারণত ভোর থেকে সকাল এবং সন্ধ্যা থেকে রাতে কিছুটা কুয়াশা দেখা যায়। হালকা হিম বাতাসও পাওয়া যায়। এটাই প্রকৃতির পরিবর্তনের লক্ষণ।
এদিকে বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষ অবস্থানে রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের ডেটা অনুযায়ী, ২৩৫ বায়ুমান সূচক (একিউআই) নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।