ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি জহরতের

মৌলভীবাজার জেলার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বার্থে প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) লন্ডনের একটি হলে যুক্তরাজ্যে মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির মৌলভীবাজার জেলার বাসিন্দারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের পারস্পরিক সংযোগ ও অভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

অ্যাকাউন্ট্যান্ট ও বিএনপি নেতা মুদাব্বির হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আজিম উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন– যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খছরুজ্জামান খছরু, শরীফুজ্জামান চৌধুরী তপন, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম মামুন, আবেদ রাজা, ব্যারিস্টার মাহবুবুর রহমান, অদুদ আলম ও সৈয়দ সাকেরুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী।

সভায় লন্ডনের কয়েকটি কাউন্সিলের কয়েকজন সাবেক ও বর্তমান মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।