সহিংসতার শঙ্কা ও বৈরী আবহাওয়ার প্রভাব ঢাকার জনজীবনে

রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা এবং বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানী ঢাকার দৈনন্দিন জনজীবনে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিভিন্ন সড়কে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। যেসব স্কুল খোলা রয়েছে, সেখানেও পরীক্ষা না থাকায় অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাননি। তবে অফিসগামী মানুষ, জরুরি প্রয়োজনে বের হওয়া নাগরিক এবং বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর বিভিন্ন এলাকার অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে সব প্রতিষ্ঠান বন্ধের কারণ হিসেবে সরাসরি রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেনি। কোনও কোনও স্কুলের নোটিশে মেরামত বা মেইনটেইনেসের কারণের কথা বলা হয়েছে। আবার কিছু সরকার বেসরকারি বড় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে যেমন, আইডিয়াল, ভিকারুননিসা স্কুল এবং সেখানে পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।

খোলা স্কুলগুলোতে যেসব শিক্ষার্থীর পরীক্ষা রয়েছে, মূলত তারাই উপস্থিত হয়েছে। পরীক্ষা না থাকায় অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাননি। এতে কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। অভিভাবকদের কেউ কেউ জানিয়েছেন, সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেননি।

খিলগাঁও এর এক অভিভাবক জানান, আজক পরীক্ষা নাই। তাই বাচ্চাকে স্কুলে দিলাম না। রাস্তাঘাটে যদি কিছু হয় ভয়ে আমার মন চাইলো না। তবে নিজের চাকরির জন্য বের হতেই হয়েছে।

ফাঁকা ঢাকা (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে বনশ্রীর আরেক অভিভাবক জানান, মেয়ের চাকরি এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে বন্ধ নাই। সকালে উঠে চলে গেছে। ভয় তো লাগবেই কাজও করতে হবে। সাবধানে থাকতে বলেছি। বসুন্ধরা থেকে গাজীপুরে চাকরি করতে যাওয়া আরেকজন জানান, ভোরেই অফিসে চলে আসছি। একটু আগে আগেই আসছি। যাতে কোনও দুর্ঘটনায় না পড়ি। এখন ফেরার সময় কি হবে জানি না। বাচ্চাদের বের হতে না করেছি। জরুরি দরকার ছাড়া না বের হওয়াই ভালো। কোথায় কি হবে কেউ তো আগে থেকে বলতে পারে না।

অন্যদিকে, রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের সংখ্যা কম দেখা যাচ্ছে। কেউ কেউ ধারনা করছেন, নিরাপত্তার উদ্বেগে সকালে গাড়ি হয়তো কম নামিয়েছেন বাস মালিকরা। তবে বিকল্প হিসেবে অফিস বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল করেছে। মেট্রোরেলও স্বাভাবিকভাবে চলেছে। ফলে খুব একটা অসুবিধা হয়নি অফিসেগামী যাত্রীদের।

রাজধানীর ফার্মগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, বিজয় সরণি ও মহাখালী এলাকায় সকালে সাধারণ বাসের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। তবে গুলশান ও নর্দ্দাসহ কিছু এলাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য ছিল। অর্থাৎ রাজধানীর সব এলাকার পরিস্থিতি এক রকম ছিল না।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশ ও বের হওয়ার পথ এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশি টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন এবং ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ০৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে সারা দেশে ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজকের তথ্য অনুযায়ী, রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশী মদ, ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

ঢাকার আকাশ মেঘলা (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে আবহাওয়ার পরিস্থিতিও মানুষের চলাচলে কিছুটা প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর অনেক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আকাশে ভারি মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার ঢাকা বিভাগের এক-দুই জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ফলে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আবহাওয়াও রাজধানীর স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।

সব মিলিয়ে রাজধানীতে একদিকে নিরাপত্তা জোরদার, অন্যদিকে গণপরিবহনের সীমিত চলাচল ও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ থাকার কারণে মানুষের দৈনন্দিন কাজে প্রভাব পড়েছে।