যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী শনিবার (২১ নভেম্বর) সারা দেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সেনাকুঞ্জে বিশেষ অনুষ্ঠান এবং সর্বসাধারণের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
২১ নভেম্বর (শনিবার) সকালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দিবসের কর্মসূচি শুরু হবে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে। এ সময় দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা
দিবসটি উপলক্ষে ২১ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।
এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও সংবর্ধনায় আমন্ত্রিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
রাজধানীর বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দফতরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
চার শহরে নৌবাহিনীর জাহাজ দেখার সুযোগ
সশস্ত্র বাহিনী দিবসে সাধারণ মানুষের জন্য নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজ পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের নির্ধারিত ঘাটে নোঙর করা নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
দিবসের তাৎপর্য তুলে ধরতে শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতারে প্রচারিত হবে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান। পরে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে ‘বিশেষ অনির্বাণ’ সম্প্রচার করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে শনিবার জাতীয় দৈনিকগুলোর বাংলা ও ইংরেজি সংস্করণে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।